• Tuesday, 15 September 2026
Home / Detail News Copy Link
শ্রীবরদীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার: বন্য হাতির আক্রমণে মৃত্যুর আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা: শেরপুরের শ্রীবরদী সীমান্তবর্তী বালিজুরী রেঞ্জের ডুমুরতলা বিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে নিখোঁজ হওয়ার একদিন পর মোঃ জায়নাল (৬৬) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ২৭ জুন (শনিবার) সকালে বন বিভাগের কর্মী এবং স্থানীয় ৪টি এলিফ্যান্ট রেসপন্স টিমের (ERT) সদস্যরা যৌথ তল্লাশি চালিয়ে গভীর অরণ্য থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। নিহত মোঃ জায়নাল জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের মৃধাপাড়া গ্রামের মৃত মোঃ উনিছের ছেলে। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ২৬ জুন (শুক্রবার) বালিজুরী রেঞ্জের ডুমুরতলা বিটের সংরক্ষিত বনভূমিতে রান্নার লাকড়ি সংগ্রহ করতে যান বৃদ্ধ জায়নাল। লাকড়ি খোঁজার একপর্যায়ে তিনি বনের ১০৮৮ ও ১০৮৯ নম্বর পিলার সংলগ্ন ‘ওয়াইল্ডলাইফ করিডোর’ নামক ১০.০ হেক্টরের একটি বাগানের ভেতরে প্রবেশ করেন। ওই দিন বনের ভেতরে যাওয়ার পর তিনি আর রাতে বাড়িতে ফিরে আসেননি। আজ ২৭ জুন সকালে ডুমুরতলা বিট অফিসে খবর আসে যে নিখোঁজ জায়নালের আত্মীয়স্বজনরা বনের বিভিন্ন স্থানে তাঁকে খুঁজছেন। সংবাদ পাওয়া মাত্রই ডুমুরতলা বিটের কর্মকর্তা ও সঙ্গীয় স্টাফগণ তাৎক্ষণিক উদ্ধার অভিযানে নামেন। বন্যহাতির চরম ঝুঁকি থাকা সত্ত্বেও বন বিভাগের সাথে উদ্ধার কাজে সক্রিয়ভাবে অংশ নেয় দিঘলকোনা, সোমনাথপাড়া, সাতানীপাড়া এবং গারামারা— এই ৪টি এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি)-এর সাহসী সদস্যরা। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর আজ সকাল আনুমানিক ৮টা ০০ ঘটিকার সময় বনের গভীর অভ্যন্তরে ‘মেদাল/বাগিচাটিলা’ নামক এলাকার সংরক্ষিত বনভূমি হতে মোঃ জায়নালের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের পারিপার্শ্বিক অবস্থা এবং বনের হাতির করিডোর বিবেচনা করে বন কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, বনের ভেতরে আকস্মিকভাবে বন্য হাতির আক্রমণের শিকার হয়ে তিনি মারা গেছেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মৃত ব্যক্তির লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। বালিজুরী রেঞ্জ ও ডুমুরতলা বিট কার্যালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং বন্যহাতির করিডোর এলাকায় চলাচলের সময় সীমান্তবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Popular News
Trending News