• Tuesday, 15 September 2026
Home / Detail News Copy Link
খেলাধুলার উচ্ছ্বাস এবার পরিবেশ রক্ষায়: কক্সবাজারে আর্জেন্টিনা সমর্থকদের ১ হাজার বৃক্ষরোপণ ও ব
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা: ফুটবলপ্রেমীদের উন্মাদনা আর উচ্ছ্বাসকে পরিবেশ সংরক্ষণের ইতিবাচক উদ্যোগে রূপান্তর করতে এক ব্যতিক্রমী কর্মসূচি সম্পন্ন হয়েছে। ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’-এর উদ্যোগে এবং চন্দ্রকলি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় পর্যটন নগরী কক্সবাজারে এক হাজার দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। আজ ২৭ জুন (শনিবার) বিকেলে কক্সবাজারের গোল চত্বর মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সবুজ কর্মসূচির উদ্বোধন করা হয়। এই আয়োজনে স্থানীয় সহযোগী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করে 'আর্জেন্টিনা ফ্যান বেইজ কক্সবাজার'। কর্মসূচির শুরুতে গোল চত্বর মাঠ প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষ রোপণ করা হয়। পরবর্তীতে উপস্থিত শতাধিক ফুটবল সমর্থকের মধ্যে জনপ্রতি সর্বোচ্চ ১০টি করে দেশীয় প্রজাতির চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে আম, জাম, কাঁঠাল, নারকেল, বেল, আমলকী, নিম, শজনে, জারুল, কৃষ্ণচূড়া, সোনালু, অর্জুন, বহেরা ও মহুয়াসহ প্রায় ৩০ প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা অন্তর্ভুক্ত ছিল। বৃক্ষরোপণ শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’-এর প্রতিষ্ঠাতা ও চন্দ্রকলি ফাউন্ডেশনের সভাপতি শাখাওয়াত উল্লাহ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা ফ্যান বেইজ কক্সবাজারের সংগঠক এহসান আল কতুবি, মোরশেদ আলম, অনিক, রবিন, আহসান সুমন, ফারুক, ইনজামামসহ চন্দ্রকলি ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলী, পরিবেশপ্রেমী এবং বিপুল সংখ্যক ফুটবল সমর্থক। আয়োজকরা জানান, ফুটবলকে ঘিরে তরুণ সমাজের যে বিপুল উদ্দীপনা, তাকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার মতো বৈশ্বিক কল্যাণে যুক্ত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। খেলার প্রতি ভালোবাসাকে প্রকৃতির প্রতি দায়িত্ববোধে রূপান্তর করতেই তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। দেশব্যাপী চলমান এই কর্মসূচির আওতায় ইতোমধ্যে বিভিন্ন জেলায় ৪ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। শুধু চারা রোপণই নয়, আগামী দুই বছর এই চারাগুলোর নিয়মিত পরিচর্যার ব্যবস্থাও নিশ্চিত করা হবে বলে আয়োজক সংগঠনটি জানায়। অনুষ্ঠানে ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’-এর প্রতিষ্ঠাতা শাখাওয়াত উল্লাহ এক বিশেষ ঘোষণা দিয়ে বলেন, আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ শিরোপা জিতলে দেশজুড়ে আরও ৪০ হাজার গাছের চারা রোপণ করবে তাদের সংগঠন। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে ফুটবলপ্রেমী তরুণদের এমন অনন্য উদ্যোগ স্থানীয় সাধারণ মানুষের মাঝেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
Popular News
Trending News