• Tuesday, 15 September 2026
Home / Detail News Copy Link
সুন্দরবনে হরিণ শিকারের চক্রান্ত নস্যাৎ: ট্রলার ও ১২০০ ফুট হরিণ মারার ফাঁদ জব্দ
সুন্দরবনের বন্যপ্রাণী ও ঐতিহ্যবাহী চিত্রা হরিণ রক্ষায় এক সফল অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। বনের অভ্যন্তরে টহল দেওয়ার সময় হরিণ শিকারের কাজে ব্যবহৃত একটি ট্রলার এবং ১২০০ ফুট দীর্ঘ হরিণ শিকারের নিষিদ্ধ ‘মালা ফাঁদ’ জব্দ করা হয়েছে। গত ২৪ জুন ২০২৬ খ্রি. তারিখে সুন্দরবনের শেলারচর টহল ফাঁড়ির আওতাধীন ডোসের খাল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের বন্যপ্রাণী অভয়ারণ্যে একদল অসাধু শিকারি চক্র হরিণ শিকারের উদ্দেশ্যে অবস্থান নিচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে শেলারচর টহল ফাঁড়ির বন রক্ষীদের একটি চৌকস দল ডোসের খাল এলাকায় বিশেষ টহল শুরু করে। বন বিভাগের স্পিডবোট ও টহল দলের উপস্থিতি টের পেয়ে চতুর শিকারিরা বনের গহীনে পালিয়ে যায়। পরবর্তীতে বন কর্মীরা ঘটনাস্থল ও আশপাশের খালে তল্লাশি চালিয়ে হরিণ শিকারের উদ্দেশ্যে নিয়ে আসা ১টি কাঠের ট্রলার এবং হরিণ ধরার জন্য বিশেষভাবে তৈরি ১২০০ ফুট দীর্ঘ সুতার ‘মালা ফাঁদ’ জব্দ করতে সক্ষম হন। জব্দকৃত ট্রলার ও নিষিদ্ধ ফাঁদ বর্তমানে শেলারচর টহল ফাঁড়ির হেফাজতে জিম্মায় রাখা হয়েছে। এই ঘটনায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী অজ্ঞাতনামা শিকারিদের বিরুদ্ধে একটি নিয়মিত বন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শেলারচর ফাঁড়ির বন কর্মকর্তারা জানান, বর্ষা মরসুমে সুন্দরবনে হরিণ শিকারী চক্রের তৎপরতা বেড়ে যায়। বনের বন্যপ্রাণী ও বনজ সম্পদ রক্ষায় যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রুখে দিতে বন বিভাগের এই কঠোর নজরদারি এবং নিয়মিত টহল অভিযান আরও জোরদার করা হবে।
Popular News
Trending News