• Tuesday, 15 September 2026
Home / Detail News Copy Link
বন বিভাগকে 'জঙ্গল বিভাগ' আখ্যা দিয়ে সাবেক অতিরিক্ত সচিবের ফেসবুক স্ট্যাটাস: বনকর্মীদের ক্ষোভ ও প্রতিক্রিয়া
সংরক্ষিত বনভূমিতে আইনি উচ্ছেদ অভিযান এবং বন আইন প্রয়োগের ঘটনাকে কেন্দ্র করে সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলনের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্ট নিয়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ফেসবুকে দেওয়া উক্ত স্ট্যাটাসে তিনি বন বিভাগকে কটাক্ষ করে ‘জঙ্গল বিভাগ’ হিসেবে উল্লেখ করেন, যা মাঠপর্যায়ের বন কর্মকর্তা-কর্মচারী ও পরিবেশ সচেতন মহলে তীব্র অসন্তোষ ও ক্ষোভের জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি সংরক্ষিত বনাঞ্চল জবরদখলমুক্ত করতে এবং অবৈধ বাণিজ্যিক কৃষি উচ্ছেদে বন বিভাগের চালানো আইনি পদক্ষেপের বিষয়টি নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে, ঠিক তখনই একজন সাবেক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার এমন মন্তব্য প্রকাশিত হয়। একজন দায়িত্বশীল পদে থাকা সাবেক প্রশাসনিক কর্মকর্তার মুখ থেকে বন সংরক্ষণের মতো স্পর্শকাতর রাষ্ট্রীয় দায়িত্বকে কটাক্ষ করে মন্তব্য আসাকে অনভিপ্রেত ও দায়িত্বজ্ঞানহীন হিসেবে দেখছেন পরিবেশ কর্মীরা। বন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা ও মাঠপর্যায়ের কর্মীদের মতে, জীবনের ঝুঁকি নিয়ে যারা বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছেন, এ ধরনের কটূক্তি তাদের মনোবল ভেঙে দেওয়ার শামিল। তারা জানান, বনের জমি জবরদখল মুক্ত করা দেশের প্রচলিত বন আইনেরই অংশ। আবেগ বা ব্যক্তিগত মতামতের ঊর্ধ্বে উঠে আইন প্রয়োগ করতে গিয়ে যখন বন কর্মকর্তারা অপপ্রচারের শিকার হচ্ছেন, তখন এ জাতীয় বিভ্রান্তিকর মন্তব্য দখলদার চক্রকে আরও উৎসাহিত করতে পারে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, প্রাতিষ্ঠানিক ভুলত্রুটি নিয়ে গঠনমূলক সমালোচনা হতে পারে, কিন্তু একটি রাষ্ট্রীয় সংরক্ষিত সংস্থাকে হেয় প্রতিপন্ন করে মন্তব্য করা পরিবেশ সুরক্ষার সামগ্রিক আন্দোলনকেই বাধাগ্রস্ত করে। বনভূমির সুরক্ষা ও আইনি শৃঙ্খলা বজায় রাখতে সরকারি দপ্তরগুলোর প্রতি সুশীল সমাজ ও সাবেক আমলাদের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
Popular News
Trending News