• Wednesday, 16 September 2026
Home / Detail News Copy Link
বনভূমি পুনরুদ্ধার কোনো ব্যক্তিগত অভিযান নয়, রাষ্ট্রের আইনি কার্যক্রম
সংরক্ষিত সরকারি বনভূমি জবরদখলমুক্ত করার অভিযান কোনো ব্যক্তিগত পদক্ষেপ নয়, বরং এটি রাষ্ট্রীয় আইন ও প্রশাসনিক পদ্ধতিরই অংশ। সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে পরিচালিত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়াকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্ট অপপ্রচার ও 'মিডিয়া ট্রায়ালে'র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশ গবেষকরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস (IFESCU)-এর অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এক বিশ্লেষণে স্পষ্ট করেছেন যে, বন আইন, ১৯২৭ এবং আদালতের নির্দেশনা অনুসরণ করেই এ ধরনের যৌথ অভিযান পরিচালিত হয়। সাধারণত সীমান্ত নির্ধারণ, যৌথ তদন্ত, আইনি নোটিশ প্রদান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনাসহ সুনির্দিষ্ট ৫টি আইনি ধাপ অতিক্রম করেই সরকারি জমি উদ্ধার করা হয়। এর পাশাপাশি জনস্বার্থমূলক মামলার (PIL) মাধ্যমে উচ্চ আদালতের নির্দেশনা নিয়েও উচ্ছেদ পরিচালনার সাম্প্রতিক আইনি নজির রয়েছে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পরিচালিত একটি রাষ্ট্রীয় যৌথ অভিযানকে একজন কর্মকর্তার ‘একক বা ব্যক্তিগত উদ্যোগ’ হিসেবে চিত্রায়িত করার চেষ্টা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। সৎ ও সাহসী কর্মকর্তাদের মানসিকভাবে ভেঙে দিতেই অপসংগঠিত জবরদখলকারী চক্র এই মিডিয়া ট্রায়ালের আশ্রয় নিয়েছে। অধ্যাপক জসিম উদ্দিন সতর্ক করে বলেন, “আইনসম্মতভাবে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের অন্যায়ভাবে বিতর্কের মুখে ঠেলে দিলে ভবিষ্যতে সৎ ও দক্ষ কর্মকর্তারা নিরুৎসাহিত হবেন এবং পরোক্ষভাবে বনদস্যু ও ভূমিগ্রাসীরা উৎসাহিত হবে। বনভূমি সুরক্ষায় আর সময়ক্ষেপণের সুযোগ নেই, ‘Better late than never’—এখনই সময় দল-মত ও সামাজিক প্রভাবের ঊর্ধ্বে উঠে আইনি শাসন প্রতিষ্ঠা করার।” সুশীল সমাজ ও পরিবেশবাদীরা প্রীতম বড়ুয়াসহ বনাঞ্চল রক্ষায় জীবন বাজি রেখে দায়িত্ব পালনকারী সকল বন কর্মকর্তা-কর্মচারীদের সাহস, নিষ্ঠা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং রাষ্ট্রীয় বনাঞ্চল রক্ষায় আইনের নিরপেক্ষ প্রয়োগ অব্যাহত রাখার জোর দাবি জানান।
Popular News
Trending News