• Tuesday, 15 September 2026
Home / Detail News Copy Link
চট্টগ্রামে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট ও রাবার বোর্ড কার্যালয় পরিদর্শনে বন প্রতিমন্ত্রী: রোপণ করলেন মূল্যবান শ্বেত চন্দনের চারা

চট্টগ্রাম সফরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (BFRI) এবং বাংলাদেশ রাবার বোর্ডের প্রধান কার্যালয় সরেজমিনে পরিদর্শন করেছেন।

আজ রোববার (১৬ আগস্ট ২০২৬) বেলা ১১টায় তিনি ষোলশহরস্থ ইনস্টিটিউট ও রাবার বোর্ড চত্বরে পৌঁছান এবং দাপ্তরিক ও গবেষণামূলক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

শ্বেত চন্দনের চারা রোপণ ও পরিবেশগত বার্তা

পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে প্রতিমন্ত্রী মহোদয় বিএফআরআই (BFRI) প্রাঙ্গণে বিলুপ্তপ্রায় ও অত্যন্ত মূল্যবান শ্বেত চন্দনের (Sandalwood) একটি চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ শেষে তিনি বলেন, "বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট দেশের বনজ সম্পদ উন্নয়ন, উচ্চফলনশীল ও টেকসই গাছের প্রজাতি উদ্ভাবন এবং কাষ্ঠল সম্পদের সর্বোত্তম ব্যবহারে যে বৈজ্ঞানিক ভূমিকা রাখছে, তা অত্যন্ত প্রশংসনীয়। ঔষধি ও মূলবান প্রজাতির গাছ যেমন শ্বেত চন্দন সংরক্ষণ ও সম্প্রসারণে বৈজ্ঞানিক গবেষণা আরও জোরদার করতে হবে।"

রাবার শিল্পের সম্ভাবনা ও সার্বিক দিকনির্দেশনা

পরবর্তীতে বাংলাদেশ রাবার বোর্ডের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও গবেষকদের সঙ্গে মতবিনিময়কালে মাননীয় প্রতিমন্ত্রী দেশের রাবার চাষের আধুনিকায়ন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের চ্যালেঞ্জসমূহ দূরীকরণে দিকনির্দেশনা প্রদান করেন। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে রাবার শিল্পের অবদান বাড়াতে সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট ও রাবার বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট বিজ্ঞানী, বন বিভাগের প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Popular News
Trending News