• Wednesday, 25 November 2026
Home / Detail News Copy Link
সুন্দরবনে ১০ মাসে বন বিভাগের অভিযানে গ্রেপ্তার ৩৯৪, বিপুল পরিমাণ বিষ ও হরিণের মাংস জব্দ

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও বনজ অপরাধ দমনে বন বিভাগের ধারাবাহিক অভিযানে চলতি বছরের গত ১০ মাসে ৩৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বনের নদী-খালে মাছ শিকারে ব্যবহৃত ১৮৮ বোতল বিষ, ৫২২ কেজি হরিণের মাংসসহ বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম ও নৌযান জব্দ করা হয়। তবে এত কঠোর অভিযান ও গ্রেপ্তারের পরও একশ্রেণির অসাধু চক্রের বিষ প্রয়োগে মাছ শিকার পুরোপুরি বন্ধ না হওয়ায় চরম হুমকির মুখে পড়ছে সুন্দরবনের জলজ বাস্তুতন্ত্র।

সুন্দরবন পশ্চিম বন বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন এলাকায় বন আইনে মোট ৪০৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৩৯৪ জন অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। দশ মাসের এসব অভিযানে ১৮৮ বোতল কীটনাশক বা বিষ, ৩ হাজার ৭৬০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ, ৫২২ কেজি হরিণের মাংস, হরিণ শিকারের ২ হাজার ৮৯২ মিটার ফাঁদ, ২৯টি ইঞ্জিনচালিত ট্রলার ও ৪০৫টি নৌকা জব্দ করা হয়েছে। এ ছাড়া ৪৮৩টি অবৈধ কাঁকড়া ধরার আটন, ৯ হাজার ৫৩২ মিটার দড়ি, ৪ হাজার ১৪২ কেজি কাঁকড়া এবং ১ হাজার ২৭৩ কেজি অবৈধভাবে আহরিত মধু জব্দ করে বন বিভাগ।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, একশ্রেণির অসাধু জেলে সুন্দরবনের গহীনের নদী ও খালে ‘রিপকর্ড’ নামক তীব্র মাত্রার কীটনাশক প্রয়োগ করে চিংড়ি শিকার করছে। বিশেষ করে বনের ছিচখালি, বুন্দ, কেওড়াসুতি, হংসরাজ, দুধমুখ, মার্কি, আন্দারমানিক ও শাপখালিসহ বিভিন্ন খাল এলাকায় এই অপরাধমূলক তৎপরতা বেশি লক্ষ্য করা যাচ্ছে।

সাম্প্রতিক অভিযানগুলোর তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৮ সেপ্টেম্বর খুলনা রেঞ্জের নলিয়ান ফরেস্ট স্টেশনের আওতাধীন মার্কি খালে অভিযান চালিয়ে বিষ দিয়ে মাছ শিকারের সময় চার জেলেকে আটক করা হয় এবং তাঁদের কাছ থেকে ৮০ কেজি চিংড়ি জব্দ করা হয়। এ ছাড়া গত ১৪ অক্টোবর পশ্চিম সুন্দরবনের ভোমরখালী অভয়ারণ্য এলাকায় অপর এক অভিযানে চার বোতল বিষ, নিষিদ্ধ জাল ও প্রায় ২০০ কেজি চিংড়িসহ আরও চার জেলেকে আটক করে বন বিভাগ।

এ বিষয়ে পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাসানুর রহমান বলেন, সুন্দরবনে সব ধরনের অপরাধ দমনে বন বিভাগের নিয়মিত টহল ও সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি বিষ দিয়ে মাছ শিকারের ভয়াবহ ক্ষতিকর দিকগুলো তুলে ধরে প্রান্তিক জেলেদের সচেতন করতে নিয়মিত কর্মশালারও আয়োজন করা হচ্ছে।

বিষ প্রয়োগের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, নদী-খালে বিষ প্রয়োগের ফলে শুধু নির্দিষ্ট মাছই নয়, পানির অন্যান্য অণুজীব ও জলজ প্রাণীও ধ্বংস হয়ে যাচ্ছে, যা পুরো জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করছে। ব্যবহৃত বিষের রাসায়নিক উপাদান এবং পরিবেশের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব নিরূপণে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। তাঁর মতে, নিয়মিত অভিযানের পাশাপাশি নজরদারি আরও জোরদার করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা জরুরি।