• Sunday, 22 November 2026
Home / Detail News Copy Link
সুন্দরবনের দস্যুমুক্তির আন্দোলনের মাঝেই ৩০ জেলে অপহরণ, বাড়ছে আতঙ্ক ও চাঁদার চাপ

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে উপকূলজুড়ে জেলে, বাওয়ালি ও বনজীবীদের আন্দোলন চলমান থাকার মধ্যেই নতুন করে বনের নদী ও খালে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দস্যুদের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ ও নৌ-সমাবেশে অংশ নেওয়া জেলেদের ছবি দেখে পরিচয় শনাক্ত করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি বেড়েছে দস্যুদের চাঁদার পরিমাণ। দাবিকৃত চাঁদা পরিশোধ করেও মিলছে না নিরাপত্তা; বরং বনে মাছ ও কাঁকড়া আহরণে গিয়ে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণের দাবির মুখে পড়ছেন অসহায় বনজীবীরা।

সাম্প্রতিক সময়ে সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন নদী ও খাল থেকে অন্তত ৩০ জন জেলেকে অপহরণের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এতে সুন্দরবনসংলগ্ন খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান, কালাবগী, কয়রা উপজেলার ভাগবা, হড্ডা, মহেশ্বরীপুর, মঠবাড়ী, কয়রা, পাতাখালি, জোড়শিং, আংটিহার, গোলখালি, ঘড়িলাল, দশহালিয়া, গোবরা এবং শ্যামনগর উপজেলার গাবুরা, মুন্সিগঞ্জ, রমজাননগরসহ বিভিন্ন এলাকার জেলে পরিবারগুলোতে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জীবিকার তাগিদে পরিবারের সদস্যরা সুন্দরবনে গেলেও তাঁরা নিরাপদে ফিরে আসতে পারবেন কি না, তা নিয়ে সবসময় শঙ্কায় থাকছেন স্বজনেরা।

আন্দোলনকারীদের টার্গেট করছে দস্যুরা

দস্যুমুক্ত আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন লিটন জানান, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা এবং জেলে-বাওয়ালিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গত ২৮ অক্টোবর শ্যামনগরের গাবুরা এলাকা থেকে আন্দোলন শুরু হয়। পর্যায়ক্রমে তা সুন্দরবনসংলগ্ন বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। মানববন্ধন, বিক্ষোভ, অবস্থান কর্মসূচি, স্মারকলিপি প্রদান ও নৌ-সমাবেশের মাধ্যমে বনজীবীরা তাঁদের এই ন্যায্য দাবি জানিয়ে আসছেন।

এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গত বুধবার (৪ নভেম্বর) খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের সামনে উপকূল ও সুন্দরবন সুরক্ষা আন্দোলনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌকা নিয়ে অভিনব মানববন্ধন ও বিক্ষোভ করেন শত শত জেলে ও বনজীবীরা। প্রায় দুই ঘণ্টার ওই কর্মসূচিতে বিভিন্ন নৌকায় প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে অংশ নেন তাঁরা। কিন্তু অভিযোগ উঠেছে, এই কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংবাদমাধ্যমে প্রকাশের পর আন্দোলনকারী জেলেদের ছবি দেখে তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে দস্যুরা এবং তাঁদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে।

আন্দোলনে অংশ নেওয়া জেলে সাইফুল ইসলাম বলেন, “আন্দোলনের ছবি ও তথ্য দস্যুদের কাছে পৌঁছে গেছে। ছবি দেখে তারা আমাদের শনাক্ত করে হুমকি দিচ্ছে। ফলে দস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এখন আমরা নিজেদের জীবন ও পরিবার নিয়ে মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি।”

চাঁদা দিয়েও মিলছে না নিরাপত্তা

ভুক্তভোগী জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের বুড়ির দুনি, ফুলতলা, শিবসা, নোটাবেঁকী, আগুনজ্বালা, জলঢাকা, চালতেবেড়ে ও রায়মঙ্গল নদীর বিভিন্ন স্থান থেকে অন্তত ৩০ জন জেলেকে অপহরণ করা হয়েছে। অপহৃত জেলেদের পরিবারের কাছে মাথাপিছু এক লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

মুন্সিগঞ্জের মৌখালি গ্রামের জেলে খোকন গাজী জানান, আগে কেবল বন বিভাগের বৈধ পাস বা অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণ করা যেত। কিন্তু বর্তমানে বনের পরিস্থিতি পাল্টে গেছে। বন বিভাগের পাসের পাশাপাশি এখন বনের বিভিন্ন দস্যু বাহিনীর কাছ থেকেও আলাদাভাবে অনুমতি বা কথিত ‘কার্ড’ সংগ্রহ করতে হচ্ছে।

তাঁর ভাষ্যমতে, একেকটি নৌকার জন্য বিভিন্ন বাহিনীকে আলাদাভাবে মোটা অঙ্কের টাকা দিতে হয়। নৌকাপ্রতি ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হয়। কোনো কোনো এলাকায় একাধিক বাহিনীকে চাঁদা দিতে বাধ্য করা হয়। মজার বিষয় হলো, দস্যুরা ৫ বা ১০ টাকার কাগজি ব্যাংক নোটকে ‘কথিত কার্ড’ হিসেবে ব্যবহার করে। ওই নোটের সিরিয়াল নম্বর তারা নিজেদের খাতায় লিখে রাখে এবং বনে প্রবেশের সময় তা মিলিয়ে দেখা হয়।

জেলেদের অভিযোগ, এক বাহিনীকে চাঁদা দেওয়ার পরও অন্য বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায় প্রবেশ করলে আবার নতুন করে চাঁদা দিতে হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে জেলেদের আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয় এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। এর ফলে মাছ ও কাঁকড়া বিক্রি করে যা আয় হয়, তার বড় অংশই চলে যায় দস্যুদের চাঁদা ও মুক্তিপণ পরিশোধে। অনেক জেলে চড়া সুদে ঋণ করে বনে যেতে বাধ্য হচ্ছেন।

বন বিভাগের বক্তব্য

জেলে অপহরণ ও দস্যুদের দৌরাত্ম্যের বিষয়ে সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, “সুনির্দিষ্ট তথ্য পেলে আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করব। আমরা শুনেছি যে জেলে অপহরণের ঘটনা ঘটেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো জেলের পরিবার বা ভুক্তভোগীর পক্ষ থেকে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নিয়ে কেউ আসেনি।”