• Wednesday, 25 November 2026
Home / Detail News Copy Link
গাজীপুরে বন অধিদপ্তরের বন্যপ্রাণী সংরক্ষণ ও ড্রোন প্রযুক্তি বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ শুরু
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা: বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "বাংলাদেশের প্রাণিকূলের রেড লিষ্ট হালনাগাদকরণ" প্রকল্পের আওতায় এক উচ্চপর্যায়ের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ ২৭ জুন (শনিবার) থেকে গাজীপুরের বাংলাদেশ ওয়াইল্ডলাইফ সেন্টারে "পরিবেশ সংরক্ষণে বন্যপ্রাণীর ভূমিকা, বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা, বন্যপ্রাণী অপরাধের ধরণ ও শাস্তির বিধান, বন্যপ্রাণী আইন ও বিধিমালা এবং বন্যপ্রাণী সংরক্ষণে মনিটরিং ড্রোনের ব্যবহার" বিষয়ক এই ০৩ দিন ব্যাপী বিশেষ প্রশিক্ষণ শুরু হয়। বাংলাদেশ ওয়াইল্ডলাইফ সেন্টারের পরিচালক জনাব বিপুল কৃষ্ণ দাসের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন বন অধিদপ্তরের সম্মানিত প্রধান বন সংরক্ষক (CCF) জনাব মোঃ আমীর হোসাইন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বন সংরক্ষক (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল) এবং "বাংলাদেশের প্রাণিকূলের রেড লিষ্ট হালনাগাদকরণ" প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোঃ ছানাউল্যা পাটওয়ারী; বন অধিদপ্তরের বন সংরক্ষক (প্রশাসন ও অর্থ) জনাব আর. এস. এম. মুনিরুল ইসলাম এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও দুবাই সাফারী পার্কের প্রাক্তন প্রিন্সিপাল ওয়াইল্ডলাইফ স্পেশালিষ্ট ড. মোহাম্মদ আলী রেজা খান। বন অধিদপ্তর এবং এর আওতাধীন দেশের বিভিন্ন দপ্তরের ৩০ জন কর্মকর্তা ও কর্মচারী এই নিবিড় আবাসিক প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। বনাঞ্চল ও বন্যপ্রাণী সুরক্ষায় ড্রোনের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অপরাধ দমনে এই প্রশিক্ষণ মাঠপর্যায়ে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রশিক্ষণের প্রথম দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন টেকনিক্যাল সেশন পরিচালিত হয়। ১ম দিনে রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন ও সেশন পরিচালনা করেন— বন সংরক্ষক (প্রশাসন ও অর্থ) জনাব আর. এস. এম. মুনিরুল ইসলাম; বন সংরক্ষক (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা) জনাব মোঃ ছানাউল্যা পাটওয়ারী; বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খান এবং বাংলাদেশ ওয়াইল্ডলাইফ সেন্টার, গাজীপুরের হারপেটোলজিস্ট জনাব মো: সোহেল রানা। উদ্বোধনী বক্তব্যে প্রধান বন সংরক্ষক জনাব মোঃ আমীর হোসাইন চৌধুরী বলেন, বন্যপ্রাণী অপরাধের ধরন পরিবর্তনের সাথে সাথে বন বিভাগকেও প্রযুক্তিনির্ভর আধুনিক মনিটরিং ব্যবস্থা গড়ে তুলতে হবে। ড্রোনের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার বন্যপ্রাণী সুরক্ষায় ও অপরাধ দমনে নতুন দিগন্তের সূচনা করবে।