• Wednesday, 25 November 2026
Home / Detail News Copy Link
দিনাজপুরে ১৫ দিনব্যাপী জেলা বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন
"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ জুলাই, ২০২৬) দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও দিনাজপুরের সামাজিক বন বিভাগ যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি। তিনি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই বৃক্ষরোপণ অভিযান ও মেলার শুভ সূচনা করেন। দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) জনাব মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) জনাব মো. জেদান আল মুসা, পিপিএম এবং জেলার অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী রেখে যেতে সবাইকে বসতবাড়ির আশপাশসহ ফাঁকা জায়গায় বেশি করে গাছ লাগানোর তাগিদ দেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুরের সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) জনাব ফাহিম মাসউদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ ও রোপিত গাছের সঠিক পরিচর্যার কোনো বিকল্প নেই। তিনি কেবল গাছ রোপণই নয়, বরং বনায়ন কর্মসূচি সফল করতে রোপণকৃত প্রতিটি গাছের সঠিক ও নিয়মিত পরিচর্যায় সাধারণ মানুষকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। নতুন প্রজন্মের মাঝে বৃক্ষরোপণের সচেতনতা ছড়িয়ে দিতে অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীর মাঝে একটি করে ফলজ বা ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। বন বিভাগ জানিয়েছে, এবারের ১৫ দিনব্যাপী এই বৃক্ষমেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৭৫টি স্বনামধন্য নার্সারির স্টল অংশগ্রহণ করেছে, যেখানে সাধারণ মানুষ সুলভ মূল্যে দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির চারা সংগ্রহ করতে পারবেন।