• Wednesday, 25 November 2026
Home / Detail News Copy Link
রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন
"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"—এই দূরদর্শী অঙ্গীকারকে সামনে রেখে পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে অত্যন্ত উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’। জেলা প্রশাসন ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই, ২০২৬) রাঙ্গামাটির ঐতিহাসিক কুমার সমিতি রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে এই মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ২৯৯ পার্বত্য রাঙ্গামাটি আসনের মাননীয় সংসদ সদস্য জনাব দীপেন দেওয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ সূচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজমা আশরাফী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) জনাব এস, এম, সাজ্জাদ হোসেন। বৃক্ষরোপণ ও পার্বত্যাঞ্চলের প্রাক-সংরক্ষণ জোরদারে আয়োজিত আলোচনা সভায় বিশেষ বক্তব্য রাখেন রাঙামাটির চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়, রাঙ্গামাটি অঞ্চলের সম্মানিত বন সংরক্ষক (সিসিএফ) জনাব মোহাম্মদ আবদুল আউয়াল সরকার, রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত (পিএসসি) এবং রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মো. মামুনুর রশিদ মামুন। বক্তারা পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বাস্তুতন্ত্র, বনজ সম্পদ রক্ষা ও ভূ-প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বেশি করে দেশীয় ও ঔষধি বৃক্ষরোপণের তাগিদ দেন। মেলা প্রাঙ্গণে স্থানীয় নার্সারিগুলোর সুসজ্জিত স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও শোভাবর্ধনকারী চারা প্রদর্শন ও বিক্রির জন্য উন্মুক্ত রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, পরিবেশকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।