• Thursday, 19 November 2026
Home / Detail News Copy Link
‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি: ২০২৬ সালের লক্ষ্যমাত্রার ৪৩% অর্জিত, ডিজিটাল অ্যাপ ও ২ কোটি উপকূলীয় বৃক্ষের ঘোষণা

সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি সফল করতে চারা রোপণের পাশাপাশি রোপণ-পরবর্তী নিয়মিত পরিচর্যা, সুরক্ষা এবং জিপিএস (GPS) ভিত্তিক ডিজিটাল মনিটরিং নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশব্যাপী এই কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার লক্ষ্যে আজ ৩০ জুলাই ২০২৬ (১৫ শ্রাবণ) বাংলাদেশ সচিবালয়ে গঠিত বিশেষ সেলের ৪র্থ সভায় একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বৃক্ষরোপণ সেলের সভাপতি নজরুল ইসলাম খান।

২০২৬ সালের লক্ষ্যমাত্রা ও বর্তমান অগ্রগতি

সভায় জানানো হয়, ২০২৬ সালে দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মাধ্যমে মোট ৫ কোটি ১৪ লাখ ৮৮ হাজার ৯৩০টি চারা রোপণের বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমান বর্ষা মৌসুমে নির্ধারিত এই লক্ষ্যমাত্রার প্রায় ৪৩ শতাংশ চারা ইতোমধ্যে সফলভাবে রোপণ সম্পন্ন হয়েছে। যেসব সংস্থা পিছিয়ে রয়েছে, তাদের চলতি বর্ষা মৌসুমের সুবিধা নিয়ে দ্রুত কাজ শেষ করার তাগিদ দেন সেল সভাপতি।

‘রাইট ট্রি, রাইট প্লেস’ ও অর্থনৈতিক গাছ রোপণে জোর

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, ‘রাইট ট্রি, রাইট প্লেস’ (উপযুক্ত স্থানে সঠিক গাছ) নীতি অনুসরণ করে স্থানীয় জলবায়ু উপযোগী দেশীয় প্রজাতিকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি নারিকেল, তাল, খেজুর ও সুপারির মতো অর্থনৈতিকভাবে লাভজনক গাছ রোপণে জনগণকে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন তিনি।

তিনি সড়ক, রেলপথ, নদীতীর, নদীর চর ও উপকূলীয় খাসজমিগুলোতে পরিকল্পিত বৃক্ষরোপণে শিক্ষার্থী, স্কাউটস, বিএনসিসি ও এনজিওদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

উপকূলে ২ কোটি গাছ ও ডিজিটাল ‘ট্রি মনিটরিং অ্যাপ’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি এক গুরুত্বপূর্ণ ঘোষণায় জানান, আগামী ডিসেম্বর-জানুয়ারি মাসের মধ্যে দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকায় নতুন করে ২ কোটি বৃক্ষরোপণ করা হবে। এর ফলে আগামী জানুয়ারি ২০২৭-এর মধ্যেই ২০২৬ সালের সার্বিক লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়া সম্ভব হবে।

গাছের বেঁচে থাকার হার ও সঠিক অবস্থান নিশ্চিত করতে একটি ‘ট্রি মনিটরিং অ্যাপ’ (Tree Monitoring App) চালুর অগ্রগতি নিয়ে সভায় পর্যালোচনা হয়। এই প্রযুক্তির মাধ্যমে প্রতিটি রোপিত গাছের জিপিএস লোকেশন, প্রজাতি, রোপণের তারিখ, জিও-ট্যাগযুক্ত ছবি ও পরিচর্যার তথ্য রিয়েল-টাইম জাতীয় ড্যাশবোর্ডে সংরক্ষিত থাকবে।

সাড়ে তিন লাখ ‘সবুজ কর্মসংস্থান’ সৃষ্টির লক্ষ্য

পরিবেশ বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো: সাইমুম পারভেজ জানান, এই ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দেশে নারী, তরুণ ও গ্রামীণ জনগোষ্ঠীর অংশগ্রহণে সাড়ে তিন লাখেরও বেশি ‘সবুজ কর্মসংস্থান’ (Green Jobs) তৈরি করা হবে এবং নতুন নতুন নার্সারি উদ্যোক্তা গড়ে তোলা হবে।

সভায় পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, অতিরিক্ত সচিব শামিমা বেগমসহ বৃক্ষরোপণ সেলের টেকনিক্যাল বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।