• Wednesday, 16 September 2026
Home / Detail News Copy Link
হাতির জন্য রবে বন, বনের জন্য মানববন্ধন': পেকুয়ায় বনের ভেতর সড়ক নির্মাণ বন্ধের দাবিতে তোলপাড়
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা: কক্সবাজারের পেকুয়ায় মহাবিপন্ন এশিয়ান হাতির আদি আবাস্থল ও করিডোর ধ্বংস করে সংরক্ষিত বনের ভেতর দিয়ে পরিবেশবিধ্বংসী সড়ক নির্মাণ প্রকল্প বন্ধের দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় সাধারণ মানুষ ও পরিবেশবাদীরা। 'হাতির জন্য রবে বন, বনের জন্য মানববন্ধন'— এই স্লোগানকে সামনে রেখে আজ ২৯ জুন (সোমবার) বিকেলে পেকুয়ায় এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলের পরিবেশপ্রেমী জনতা, বন্যপ্রাণী কর্মী এবং স্থানীয় সচেতন নাগরিকদের যৌথ উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পেকুয়ার মধুশিয়া গর্জন বন এবং সাতকানিয়া সংলগ্ন বৈতরণী সংরক্ষিত বনাঞ্চল জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই বনাঞ্চলটি বন্যহাতিদের চলাচলের শতবর্ষী ঐতিহ্যবাহী করিডোর ও নিরাপদ আশ্রয়স্থল। অথচ আইন অমান্য করে বনের বুক চিরে পরিবেশবিনাশী সড়ক নির্মাণের চক্রান্ত চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পরিবেশ আন্দোলনকারীরা জানান, বনের ভেতর দিয়ে সড়ক নির্মিত হলে শুধু শতবর্ষী গর্জন গাছই ধ্বংস হবে না, বরং বন্যহাতি ও মানুষের মধ্যকার দ্বন্দ্ব চরম আকার ধারণ করবে। পথ হারিয়ে হাতি লোকালয়ে ঢুকে পড়বে, যার ফলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞানের শিক্ষার্থীরা এবং প্রকৃতি সংরক্ষণকর্মীরা এই দাবির পক্ষে একাত্মতা প্রকাশ করেছেন। পেকুয়ায় আয়োজিত এই মানববন্ধনে বক্তারা অবিলম্বে বনের ভেতরের এই আত্মঘাতী সড়ক নির্মাণ প্রকল্প বন্ধ করার জন্য বন অধিদপ্তর এবং সরকারের উচ্চ মহলের প্রতি জোর দাবি জানান। অন্যথায় বনের সম্পদ ও বন্যহাতি রক্ষায় আরও কঠোর ও লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
Popular News
Trending News