• Wednesday, 16 September 2026
Home / Detail News Copy Link
হাতির করিডোর ও প্রাকৃতিক বন রক্ষার দাবি: চট্টগ্রামের জামালখানে পরিবেশবাদীদের তীব্র প্রতিবাদ
চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের অবশিষ্ট প্রাকৃতিক বনাঞ্চল রক্ষা এবং মহাবিপন্ন এশিয়ান হাতির শতবর্ষী ঐতিহ্যবাহী করিডোর অক্ষুণ্ণ রাখার দাবিতে বন্দরনগরীতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ জুন (সোমবার) বিকেল ৫টা ০০ ঘটিকায় নগরীর ব্যস্ততম জামালখান মোড়ে পরিবেশপ্রেমী জনতা, বন্যপ্রাণী কর্মী ও সচেতন নাগরিকদের যৌথ উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, উন্নয়ন প্রকল্পের নামে পাহাড় ও প্রাকৃতিক বন ধ্বংসের যে আত্মঘাতী প্রতিযোগিতা চলছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। বিশেষ করে বনের বুক চিরে সড়ক নির্মাণের ফলে বন্যহাতিদের আবাসস্থল আজ চরম হুমকির মুখে পড়েছে, যার ফলে লোকালয়ে হাতি-মানুষ দ্বন্দ্ব ভয়াবহ রূপ ধারণ করছে। বিক্ষুব্ধ পরিবেশবাদীরা জামালখানের এই প্রতিবাদী অবস্থান কর্মসূচি থেকে সরকারের উচ্চ মহলের কাছে ৫টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেন: ১. মধুশিয়া গর্জনবনের ভেতর দিয়ে সড়ক নির্মাণের পরিকল্পনা অবিলম্বে বাতিল করতে হবে। ২. হাতির ঐতিহ্যবাহী করিডোরকে আইনগতভাবে স্থায়ী ও কঠোর সুরক্ষা দিতে হবে। ৩. কোনো ধরনের প্রাতিষ্ঠানিক পক্ষপাতিত্ব ছাড়া সম্পূর্ণ স্বাধীন ও আন্তর্জাতিক মানের পরিবেশগত প্রভাব মূল্যায়ন (EIA) নিশ্চিত করতে হবে। ৪. প্রাকৃতিক বন ও বন্যপ্রাণীর ক্ষতি না করে জনস্বার্থে বিকল্প যোগাযোগ পথ খুঁজে বের করতে হবে। ৫. সাতকানিয়ার বৈতরণি, চকরিয়া ও কক্সবাজারসহ চট্টগ্রাম অঞ্চলের অবশিষ্ট সকল প্রাকৃতিক বন রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বনাঞ্চল হলো দেশের প্রাকৃতিক ফুসফুস। পেকুয়ার মধুশিয়া গর্জন বন কিংবা সাতকানিয়ার বৈতরণি বনের মতো সংবেদনশীল এলাকা ধ্বংস করে কোনো তথাকথিত উন্নয়ন সাধারণ মানুষ মেনে নেবে না। পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় তরুণ প্রজন্মের এই আন্দোলনকে বেগবান করতে সর্বস্তরের জনতাকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর ও লাগাতার কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা।
Popular News
Trending News