• Wednesday, 16 September 2026
Home / Detail News Copy Link
শামলাপুরে বন বিভাগের আপত্তি উপেক্ষা করে সংরক্ষিত বনে সড়ক নির্মাণ: এমপির ডিও লেটারে অনড় এলজিইডি
কক্সবাজারের মহেশখালী উপজেলার শামলাপুর এলাকায় বন বিভাগের তীব্র আপত্তি ও দেশের প্রচলিত পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সংরক্ষিত বনের বুক চিরে পাকা রাস্তা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের (এমপি) দেওয়া আধা-সরকারি পত্র বা ডিও লেটারকে (DO Letter) পুঁজি করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) কোনো ধরনের আইনি বাধা মানতে রাজি হচ্ছে না বলে গুরুতর অভিযোগ উঠেছে। বন ও পরিবেশ আইন সম্পূর্ণ লঙ্ঘন করে এভাবে বনের অভ্যন্তরে সড়ক নির্মাণের কারণে একদিকে যেমন বনাঞ্চল ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে, অন্যদিকে সরকারি সংস্থাগুলোর এমন একরোখা আচরণের ফলে মাঠপর্যায়ের বন বিভাগকে সাধারণ জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশখালীর শামলাপুরের এই বনাঞ্চলটি সংরক্ষিত এবং বন্যপ্রাণীর অবাধ বিচরণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত। আইন অনুযায়ী, সংরক্ষিত বনের ভেতর কোনো ধরনের স্থায়ী অবকাঠামো বা সড়ক নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। এই কারণে প্রকল্পটির শুরুতেই বন বিভাগের পক্ষ থেকে লিখিতভাবে তীব্র আপত্তি ও আইনগত বাধা দেওয়া হয়েছিল। কিন্তু পরিবেশের এই স্থায়ী ক্ষতিকে তোয়াক্কা না করে স্থানীয় এলজিইডি কর্তৃপক্ষ কাজ এগিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে। সচেতন নাগরিক সমাজ ও পরিবেশবাদীরা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সংরক্ষিত বন ও পরিবেশ রক্ষা করা কেবল বন বিভাগের একার দায়িত্ব নয়। জনপ্রতিনিধি এবং এলজিইডির মতো সরকারের অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাকেও দেশের আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল হয়ে কাজ করা উচিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা ডিও লেটারের মাধ্যমে বনের জমি ধ্বংস করে তথাকথিত উন্নয়ন সাধারণ মানুষ কোনোভাবেই ইতিবাচক হিসেবে দেখছে না। পরিবেশ আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বনের ভেতর দিয়ে সড়ক নির্মিত হলে পাহাড় কাটা ও গাছ পাচারের মহোৎসব শুরু হবে, যা এই অঞ্চলের জলবায়ুর ওপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলবে। বন ও পরিবেশ রক্ষায় অবিলম্বে এই আত্মঘাতী সড়ক নির্মাণ প্রকল্প বন্ধ করার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সরকারের উচ্চ মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।
Popular News
Trending News