• Wednesday, 16 September 2026
Home / Detail News Copy Link
করেরহাটে বন বিভাগের সাঁড়াশি অভিযান: অবৈধ বালিসহ ডাম্পার ট্রাক জব্দ
চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে ৮০ ঘনফুট অবৈধ বালিসহ একটি ডাম্পার ট্রাক জব্দ করেছে বন বিভাগ। গতকাল শুক্রবার (১৭ জুলাই, ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে করেরহাট বিট কাম চেক স্টেশনের আওতাধীন ঝিলতলী এলাকায় এই সফল সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) সার্বিক দিকনির্দেশনায় বন রক্ষীদের একটি বিশেষ দল ঝিলতলী এলাকায় অবস্থান নেয়। এ সময় অবৈধভাবে বালি পরিবহন ও পাচারের চেষ্টাকালে বালি বোঝাই ডাম্পার ট্রাকটি (চট্ট-মেট্টো-ড-১১-০০৭৫) হাতেনাতে আটক ও জব্দ করা হয়। জব্দকৃত বালিসহ ট্রাকটি বর্তমানে স্থানীয় ব্যবস্থাপনায় করেরহাট রেঞ্জ কার্যালয় হেফাজতে রাখা হয়েছে। এই বিশেষ অভিযানটি করেরহাটের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জনাব মো. মাহদী হাসানের তত্ত্বাবধানে এবং করেরহাট রেঞ্জের প্রশিক্ষণার্থী সাব-বন কর্মকর্তা (সবস) জনাব মো. মারুফ হোসেনের নেতৃত্বে পরিচালিত হয়। অভিযানে করেরহাট বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা জনাব মো. আলাল উদ্দিন এবং সংশ্লিষ্ট চেক স্টেশনের টহল দলের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। অভিযান শেষে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সংরক্ষিত বনভূমি ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পাচারকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই সফল অভিযানের জন্য সংশ্লিষ্ট পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা। একই সাথে বনের সম্পদ রক্ষায় এই ধরণের কঠোর অভিযান অব্যাহত রাখার জোরালো নির্দেশনা দিয়েছেন তিনি।
Popular News
Trending News