• Wednesday, 16 September 2026
Home / Detail News Copy Link
বনকর্মীদের ওপর ধারাবাহিক হামলায় গভীর উদ্বেগ: এক প্ল্যাটফর্মে আসার আহ্বান ফরেস্ট রেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের
দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি দায়িত্ব পালনকালে বন কর্মকর্তাদের ওপর ধারাবাহিকভাবে সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সরকারি বনভূমি উদ্ধার, অবৈধ দখলদারিত্ব রোধ এবং পরিবেশ-জীববৈচিত্র্য রক্ষা করতে গিয়ে প্রতিনিয়ত আক্রমণের শিকার হতে হচ্ছে মাঠপর্যায়ের বনকর্মীদের। এই চরম নিরাপত্তাহীনতা ও উদ্ভূত সংকট মোকাবিলায় বন অধিদপ্তরের আওতাধীন সকল পেশাজীবী ও কল্যাণমূলক সংগঠনকে সম্মিলিতভাবে এক হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে। ঐক্যবদ্ধ প্রতিবাদের আহ্বান ও সভাপতির বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদত্ত এক বিশেষ বার্তায় বাংলাদেশ ফরেস্ট রেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মো: সুমন মিয়া দেশের বিভিন্ন অঞ্চলে বনকর্মীদের ওপর ঘটে যাওয়া সাম্প্রতিক হামলাগুলোর তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, বন আইন বাস্তবায়ন ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করা কর্মকর্তা-কর্মচারীরা বারবার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন, যা প্রশাসনিক কার্যক্রমের জন্য চরম হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বনকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার স্থায়ী প্রতিকার এবং মাঠপর্যায়ে পেশাগত সুরক্ষার পরিবেশ নিশ্চিত করতে কোনো একক চেষ্টা যথেষ্ট নয়। এজন্য বন অধিদপ্তরের বিভিন্ন পদ মর্যাদার সংগঠন ও কল্যাণ সমিতির প্রতিনিধিদের পারস্পরিক মতভেদ ভুলে এক টেবিলে এসে যৌথভাবে সুনির্দিষ্ট কর্মপন্থা নির্ধারণ করা এখন সময়ের দাবি। নিরাপত্তাহীনতা রোধ ও যৌথ দাবিনামা সাম্প্রতিক সময়ে কক্সবাজারের পানেরছড়াসহ দেশের নানা প্রান্তে বনভূমি উদ্ধার অভিযানে গিয়ে রেঞ্জ কর্মকর্তা, ফরেস্ট গার্ড, মালি ও ইআরটি সদস্যদের রক্তাক্ত হওয়ার ঘটনা তুলে ধরে সংগঠনটি। সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তায় বাংলাদেশ ফরেস্ট রেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেসব গুরুত্বপূর্ণ বিষয় জোর দেওয়া হয়: সম্মিলিত কৌশল গঠন: বন অধিদপ্তরের সকল প্রতিনিধি সংগঠনের সমন্বয়ে একটি শক্তিশালী ঐক্যমঞ্চ তৈরি করে স্থায়ী সুরক্ষা নিশ্চিতের জোরালো আন্দোলন গড়ে তোলা। বিচারে গতি আনা: হামলায় জড়িত স্থানীয় ভূমিদস্যু, চোরাশিকারি ও সন্ত্রাসী চক্রের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। নিরাপত্তা ও আইনি সুরক্ষাবলয়: ঝুঁকিপূর্ণ বনাঞ্চলে উচ্ছেদ ও টহল অভিযানের সময় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিশ্চিতকরণ এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা সরঞ্জাম জোরদার করা। বন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মর্যাদা ও জীবন রক্ষায় এই যৌথ উদ্যোগ মাঠপর্যায়ের কর্মীদের কাজের মনোবল ফিরিয়ে আনতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
Popular News
Trending News