• Wednesday, 16 September 2026
Home / Detail News Copy Link
বনকর্মীদের ওপর ধারাবাহিক হামলা 'কাঠামোগত সংকট': কঠোর সংস্কার ও আইনি সুরক্ষার দাবি আইএফবি-র
কক্সবাজারের রামু উপজেলার পানেরছড়া রেঞ্জে সংরক্ষিত বনভূমির অবৈধ পানের বরজ উচ্ছেদ অভিযানে গিয়ে বনকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘ইনস্টিটিউশন অব ফরেস্টার্স বাংলাদেশ’ (আইএফবি)। সংস্থাটি স্পষ্ট ভাষায় জানিয়েছে, মাঠপর্যায়ের বনকর্মীদের ওপর একের পর এক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—এটি একটি প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংকট, যা জরুরিভিত্তিতে সমাধান করা প্রয়োজন। ২৮ জুলাই ২০২৬ তারিখে সংগঠনের সভাপতি ড. এ জেড এম মঞ্জুর রশিদ এবং সাধারণ সম্পাদক মো: রকিবুল হাসান মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অবস্থান ও সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরা হয়। রামুর ঘটনা এবং অব্যাহত ঝুঁকি সংগঠনটির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৭ জুলাই রামুর পানেরছড়া রেঞ্জে উচ্ছেদ অভিযানে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ চক্রের হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ পাঁচজন বনকর্মী গুরুতর আহত হন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আইএফবি উল্লেখ করে, জনবল ও লজিস্টিক দিক থেকে অপ্রতুল সক্ষমতা সত্ত্বেও বনকর্মীরা রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষায় জীবনের ঝুঁকি নিচ্ছেন। কিন্তু অতীতে একাধিক হামলার পরও কার্যকর ও ধারাবাহিক প্রতিরোধমূলক পদক্ষেপ বা দৃশ্যমান জবাবদিহির অভাব থাকায় অপরাধী চক্রগুলো বারবার এমন বর্বরোচিত সাহস দেখাচ্ছে। কাঠামোগত সংস্কার ও ৬ দফা সুনির্দিষ্ট দাবি কেবল অপরাধীদের শাস্তি প্রদানই যথেষ্ট নয় উল্লেখ করে আইএফবি স্থায়ী সমাধানের লক্ষ্যে বন অধিদপ্তরের আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো পুনর্বিবেচনার তাগিদ দিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে উত্থাপিত মূল দাবি ও প্রস্তাবনাসমূহ: ১. আইনি সুরক্ষা ও পাল্টা মামলা প্রতিরোধ: বৈধ দায়িত্ব পালনকালে বনকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক পাল্টা মামলা থেকে সুরক্ষার সুনির্দিষ্ট আইনি নীতিমালা প্রণয়ন। ২. পুলিশের বাধ্যতামূলক সমন্বয়: ঝুঁকিপূর্ণ বনাঞ্চলে উচ্ছেদ অভিযানের পূর্বে পুলিশের সাথে বাধ্যতামূলক সমন্বয় এবং প্রয়োজনীয় ফোর্স মোতায়েনের সুনির্দিষ্ট বিধান বাস্তবায়ন। ৩. দ্রুত মামলা ও বাধ্যতামূলক তদন্ত: বনকর্মীরা হামলার শিকার হলে দ্রুত মামলা রুজু করা এবং বাধ্যতামূলক ও কার্যকর তদন্ত প্রক্রিয়া নিশ্চিতকরণ। ৪. লজিস্টিক সহায়তা ও ঝুঁকি নিরূপণ: ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করার জন্য পর্যাপ্ত লজিস্টিক সুবিধা, প্রশিক্ষিত সহায়ক ফোর্স এবং পূর্ব-ঝুঁকি নিরূপণের প্রাতিষ্ঠানিক মানদণ্ড প্রতিষ্ঠা। ৫. চিকিৎসা ও ক্ষতিপূরণ নীতি: আহত বা ক্ষতিগ্রস্ত কর্মীদের দ্রুত চিকিৎসাসেবা ও ক্ষতিপূরণের সুনির্দিষ্ট কাঠামো তৈরি করা, যাতে রাষ্ট্র তাদের পাশে রয়েছে বলে তারা আস্থা পান। ৬. অপরাধীদের দ্রুত বিচার: পানেরছড়াসহ সকল হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক আইনি শাস্তির ব্যবস্থা নেওয়া। আইএফবি জোর দিয়ে বলেছে, মাঠপর্যায়ের বনকর্মীদের জীবনের সুরক্ষা ও পেশাগত মর্যাদা ছাড়া পরিবেশ, বন ও জীববৈচিত্র্য রক্ষার সকল পরিকল্পনা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে।
Popular News
Trending News